আটলান্টিক পাড়ে ব্যর্থতার গল্প, ৭ কোচের বিদায়

ফিফা ২০২৬ বিশ্বকাপের কোচ
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই চলছে কোচ বিদায়ের গল্প। আটলান্টিক পাড়ে বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৭ হেডকোচ নিজ নিজ দলের দায়িত্ব ছেড়েছেন। কেউ কেউ সরাসরি কোচিং ক্যারিয়ারেরই ইতি টেনেছেন এই বিশ্বকাপ দিয়ে। আবার কেউ আছেন বিদায় নেয়ার অপেক্ষায়।

মাঠের বাইরের শিল্পী তারাই। ফুটবলের গতিশীল মঞ্চে একেকজন কোচই পার্থক্য গড়ে দেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা গল্পের। তবে, ব্যর্থতার দায়টাও তাদেরকেই নিতে হচ্ছে সবচেয়ে বেশি। বিশ্বকাপে দলের বিদায়ের সঙ্গে কোচদেরও যেন বাড়ি ফেরার টিকিট নিশ্চিত। অন্তত এবারের বিশ্বকাপে সেই চিত্রটারই দেখা মিলেছে। রাউন্ড অব থার্টি টু শেষের আগেই ৭ জন কোচ নিজ নিজ জায়গা থেকে সরে দাঁড়িয়েছেন।

শুরুটা হয় তিউনিশিয়া কোচ স্যাব্রি লামৌচিকে দিয়ে। উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পরেই তাকে বরখাস্ত করা হয়। নিয়ে আসা হয় হার্ভে রেনারকে। ২০২২ সালে সৌদি আরবের কোচ হয়ে আর্জেন্টিনাকে পরাজয়ের স্বাদ দেয়া হার্ভে রেনার অবশ্য খুব বড় কিছু করতে পারেননি। তিউনিশিয়া হেরেছে গ্রুপপর্বের সব ম্যাচেই। গ্রুপপর্বের পরপরই আরও যারা দায়িত্ব ছেড়েছেন তাদের মধ্যে আছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। কোচদের গুরু নামে পরিচিত বিয়েলসা শেষদিকে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ড্রেসিংরুমে। বাজে ফলাফলের পর নিজেই ঘোষণা করেন বিদায়ের কথা।

দক্ষিণ কোরিয়ার কোচ হোং মোয়াং বো-র বিদায়ও হয়েছে গ্রুপপর্বের পর। দেশে ফিরে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দারুণ শুরুর পরেও পরপর দুই ম্যাচ হেরে বিদায় নেয় তায়েগুক ওয়ারিয়র্সরা। স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্কও নিজের ৭ বছরের যাত্রার ইতি টেনেছেন এবারের বিশ্বকাপ থেকে। গ্রুপ সি থেকে তৃতীয় হলেও নকআউটে যাওয়ার জন্য যথেষ্ট কিছু করতে পারেনি স্কটল্যান্ড। একইভাবে বিদায় নিয়েছেন চেকিয়ার কোচ মিরোস্লাভ কুবেক।

জার্মানিকে হারিয়ে আলোচনায় এসেছিলেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্টিয়ান বেকাসেসে। কিন্তু মেক্সিকোর কাছে ইকুয়েডরের ২-০ গোলে হারের পর নিজেকে সরিয়ে নেন সেবাস্টিয়ান। ইকুয়েডর ফুটবল তার সেই সিদ্ধান্ত মেনেও নিয়েছে। আর মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের বিদায়ের পর কোচিং ক্যারিয়ারকেই বিদায় বলেছেন রোনাল্ড কোম্যান। ৬৩ বছর বয়সী কোম্যান জানান, বাকি সময়টায় তিনি নিজের স্ত্রী, পরিবার এবং নাতিদের নিয়েই থাকতে চান।

ইএ