জানা যায়, গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।
নিহত আলিমুজ্জামান জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্ৰামের হোসেন মাতুব্বরের ছেলে।
এদিকে এদিন বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জেলার নগরকান্দা উপজেলার নারানখালী ব্রিজ এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন (১৮) নামের এক যুবক নিহত হয়। এ সময় আহত হয় সঙ্গে থাকা আরেক আরোহী ইব্রাহিম ফকির (১৭)।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
নিহতরা দুই জনই জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা। নিহত রাজন শেখ (১৮) হামিদ শেখের ছেলে এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)। ঈদের দিনে তারা বাড়ি থেকে ভাঙ্গা গোল চত্তরে ঘুরতে বের হয়েছিলেন।
আরও পড়ুন:
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মামুন জানান, যুবক রাজন ও ইব্রাহিম মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নারালখালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক রাজন মারা যায়। আহত হয় সঙ্গে থাকা ইব্রাহিম ফকির। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইব্রাহিম।
তিনি আরও জানান, প্রাইভেট কার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে ঈদের আগের রাত বুধবার (২৭ মে) রাত ১১ টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নিহত হয় দুই যুবক। এ সময় আহত হয় মোটরসাইকেল আরোহী দুই যুবক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (২৩) ও বরিশাল জেলা সদরের বাসিন্দা জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৪)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তারা মারাত্মক আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার ব্যক্তি।’
তিনি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।





