ঈদের ছুটি শেষে ঘরে ফিরছে মানুষ। তবে, ফিরতি যাত্রায় দুর্ঘটনার কবলে পড়ে অনেককেই ফিরতে হচ্ছে মরদেহ হয়ে। রোববার দেশের ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাইপাস এলাকায় অটোরিকশা-বাস সংঘর্ষে মা ও দুই মেয়েসহ ৪ জন নিহত হন। সকালে জেলার চল্লিশা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে অটোরিকশায় চল্লিশা বাবার বাড়ি যাচ্ছিলেন নিহত নুরজাহান। পথে বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী লোকাল বাসের সংঘর্ষে অটোরিকশাটি একেবারে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মা-মেয়ে। পরে তিনজনকে জেলা সদর হাসপাতালে নিলে আরও এক মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে চল বন্ধ করে যান চলাচল। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়। এতে ৪২ সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়। দুপুরে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। পথে তালবাড়িয়া হাইস্কুলের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের সংঘর্ষ হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, টাঙ্গাইলের ভূঞাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঞাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুইজন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় ঐ মোটরসাইকেল আরোহী।
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। রাতে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উলটে এক নারী নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন।
এছাড়া, দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় এক নারী, চাঁদপুর সদরের বাগাদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী এবং চুয়াডাঙ্গায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।





