জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না—হুঁশিয়ারি নাহিদ ইসলামের

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
রাজনীতি
0

জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক আলোচনা সভায় তিনি বলেন, ‘শুধু হাসিনার পতন নয়, এক দফার লক্ষ্য ছিললো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি, যা অর্জিত হয়নি।’

গতকাল (সোমবার, ৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত ‘শহিদ ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। এ সভা আয়োজন করে এনসিপি। দলীয় নেতাদের পাশাপাশি এতে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শুধু শেখ হাসিনার পতন নয়, এক দফার মূল লক্ষ্য ছিলো ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলুপ্তি। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও দেশের কোনো পরিবর্তন হয়নি।’

এছাড়া নির্বাচিত হওয়া মানেই ৫ বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘১ দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরো দাবি অর্জিত হয়নি। এর পেছনে দুঃখজনকভাবে যারা ওই সময় আমাদের সঙ্গে ছিলো, তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আমরা দেখেছি, এই বিএনপি সরকার বাহাত্তরের সংবিধানকে নানাভাবে প্রজেক্ট করার চেষ্টা করে যাচ্ছে।’

আরও পড়ুন:

এদিকে, যাত্রাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। ছয় মাসে সরকারের পদক্ষেপ ও দলীয়করণ নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। গণভোটের রায়ে শপথ নিয়ে গরিমসি করায় ৫ আগস্ট পল্টনের সমাবেশ থেকে গণআন্দোলনের ঘোষণা দেয়ার কথাও জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক এ সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে ৭০ ভাগ মানুষ গণভোটে “হ্যাঁ” বলেছে, ১১ দল-জামায়াতে ইসলামী সেই ৭০ ভাগ জনগণকে সঙ্গে নিয়ে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে।’

এরপর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলন করে ১১ দলীয় ঐক্য। এসময় বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তোলেন নেতারা।

জামায়াত সেক্রেটারি বলেন, ‘সরকার এখন দলীয় পদ-পদবি একটু হোল্ড করলেই যোগ্যতা বিবেচনা না করে বড় বড় জায়গায় বসিয়ে দিচ্ছে। জনজীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে যে দক্ষ-অভিজ্ঞ-বিশেষজ্ঞ লোক প্রয়োজন—সেটা দরকার নেই।’

সংবাদ সম্মেলনে গণভোট ও জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কারের আহ্বানও জানান নেতারা।

এসএইচ