‘থ্রি-আর’ কৌশলে অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে: উপদেষ্টা তিতুমীর

রাশেদ আল মাহমুদ তিতুমীর
দেশে এখন
0

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ‘ভঙ্গুর অর্থনীতি’ থেকে উত্তরণে বিএনপি সরকার ‘থ্রি-আর’ কৌশলের ভিত্তিতে নতুন উন্নয়ন মডেল বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

‘থ্রি-আর’ বলতে রিকভারি (পুনরুদ্ধার), রেস্টোরেশন (পুনঃপ্রতিষ্ঠা) ও রিকনস্ট্রাকশন (পুনর্গঠন) বোঝানো হয়েছে। এ কৌশলের ভিত্তিতে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।

গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিতুমীর। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পের বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্রে পরিণত করতে চায় সরকার।’

দেশের উন্নয়নে অবদান রাখতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই অধ্যাপক বলেন, ‘যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনে প্রবাসী পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তাদের সহযোগিতা করা, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা গড়ে তোলা, প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর এবং সম্ভাবনাময় দেশিয় স্টার্টআপগুলোর জন্য বৈশ্বিক বিনিয়োগ ও বাজারের সুযোগ তৈরি করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিতুমীর বলেন, ‘আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত যোগাযোগও বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আসুন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ব্যক্তিগত সাফল্যকে বাংলাদেশের জন্য সম্মিলিত সম্ভাবনায় রূপান্তর করি।’

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মনির জামানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মার্কিন কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল ও মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি মেগান ক্যাভানাহ।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা অংশ নেন।

এসএস