দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি কিংবা জনজীবনের নানা চ্যালেঞ্জ। এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় কমিটির বৈঠক। রোববার সন্ধ্যায়, জাতীয় সংসদে অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলমান এই পরিস্থিতিতে সরকারের করণীয়, সংসদীয় কার্যক্রমের অগ্রাধিকার কিংবা দলীয় সংসদ সদস্যদের ভূমিকা কি হবে এসব বিষয় গুরুত্ব পায় আলোচনায়।
তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকারের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে একটি জনমুখী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিশেষ বৈঠক হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সরকারের কার্যক্রম মানুষের কাছে জবাবদিহিতা করার জন্য সরকার আজকে এই প্রচেষ্টা নিয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি প্রচেষ্টা নিয়েছেন আমাদের সংসদ সদস্যবৃন্দ যা করি সেগুলো মানুষের কাছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে কিনা এবং যদি কোনো সমস্যা থাকে সেটা তুলে এনে সংসদ নেতা এবং আমাদের মন্ত্রীবর্গকে অবহিত করবেন।’
আরও পড়ুন
চিফ হুইপ বলেন, শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে হবে না। বৈঠকে এ নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে নির্দেশনা দিয়েছেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং কোনোভাবে হস্তক্ষেপ করা হবে না এবং কোনোভাবেই যাতে হস্তক্ষেপ না হয়। যাতে যে একচুয়ালি যিনি নির্বাচিত হতে পারেন তিনিই যাতে নির্বাচিত হন সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। কোনোভাবেই কোনো চাঁদাবাজকে বরদাস্ত করা হবে না। দখলদারকে বরদাস্ত করা হবে না। এবং চাঁদাবাজ, দখলদারদের কোনো জায়গা বিএনপিতে নেই—এটাই একটা পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিলাম এবং এটা প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস এসব ব্যাপারে। অতএব চাঁদাবাজ, দখলদার অথবা অন্যায় করে বিএনপির নাম নিয়ে পার পাবে এরকম কোনো সুযোগ এই বিএনপি দেবে না।’
এসময় শেখ হাসিনা ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, শেখ হাসিনার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে সরকার।
তিনি আরও বলেন, ‘এটা তো সহজ ব্যাপার। উনি কালকে সকালবেলা আসতেই পারেন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এ ব্যাপারে কোনো আলোচনা হওয়ার কিছু নাই। এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত আইন অনুযায়ী হওয়া দরকার কেবল তাই নেবে।’
সরকার দলীয় সংসদ সদস্যদের বিশেষ এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে করনীয়, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা জোরদারসহ চলমান নানা বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।





