আবারও হারের স্বাদ পেলো টাইগারা

আফগান স্পিনার রশীদ খান
ক্রিকেট
এখন মাঠে
1

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টানা দুই হারে ফাইনালে খেলার স্বপ্ন শেষ টাইগারদের। ব্যাট হাতে চরম ব্যর্থতার পাশাপাশি বোলিংয়েও অসহায় আত্মসমর্পণ- সব মিলিয়ে তাওহীদ হৃদয়ের দলের পারফরম্যান্স তুলে দিয়েছে নানা প্রশ্ন।

ফাইনালে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত ৪১ রানে। এমন সমীকরণকে সামনে রেখে খেলতে নেমে মাত্র ২৮ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ১ রান করলেও খাতা খুলতে পারেননি সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়।

শুরুর ব্যাটিং ধসের পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ৯৩ রানের জুটি কিছুটা আশা জাগায়। যখন ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ, তখনই নবীকে অযথা উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৪১ রানে আউট সাইফ। সাজঘরে নিজের সঙ্গে দলের স্বপ্নটাও যেন নিয়ে ফিরলেন তিনি।

একপ্রান্ত আগলে চেষ্টা করেছেন ইমন। খেলেছেন ক্যারিয়ার সেরা ৭০ রানের ইনিংস। কিন্তু প্রয়োজনীয় পুঁজি পেতে তা যথেষ্ট ছিলো না। মাত্র ৩৯ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচ জিততে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৬১ রান। রশিদ খান একাই শিকার করেন ৪ উইকেট।

বল হাতে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতালকে ফিরিয়ে কিছুটা আশা দেখান তাসকিন আহমেদ। তবে তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচ আফগানিস্তানের হাতের মুঠোয় নেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৩৪ রান করে মুস্তাফিজের শিকার হন ইব্রাহিম। ম্যাচে বাংলাদেশের সুখস্মৃতি এতটুকুই।

দায়িত্বশীল ইনিংসে ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নেন রহমত শাহ। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। অন্যপ্রান্তে ৩৬ রানে অপরাজিত ছিলেন হাশমতউল্লাহ শাহিদী। এই হারে ত্রিদেশীয় সিরিজ থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

জেআর