ইউরোপে উড়োজাহাজে একের পর এক বোমাতঙ্ক, বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা

আয়ারল্যান্ডের এয়ারলাইনস অ্যার লিঙ্গাসের একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ
বিদেশে এখন
0

ইউরোপজুড়ে উড়োজাহাজে একের পর এক ভুয়া বোমাতঙ্কের ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার অন্তত তিনটি নতুন হুমকির ঘটনা তদন্ত করেছে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের পুলিশ। একই সময়ে প্রাগ থেকে বুখারেস্টগামী একটি রোমানীয় যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার হুমকি দেয়া হয়। আশরাক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে যাওয়া তারোম এয়ারলাইনসের উড়োজাহাজটিতে বোমা থাকার হুমকি দেয়া হলেও সেটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়। বিমানবন্দর কর্তৃপক্ষ তল্লাশি শেষে নিশ্চিত করেছে, হুমকিটি ভুয়া ছিল।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বিমানবন্দরে বিমান চলাচল লক্ষ্য করে আসা হুমকির জেরে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান নেয় পুলিশ। তবে পুলিশ জানায়, যাত্রী বা বিমানবন্দরের কারও জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি ছিল না এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে প্রাগের ভাকলাভ হাভেল বিমানবন্দরে উড়োজাহাজে হুমকির ঘটনায় চেক পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করে, যাতে বিমান চলাচলে বিঘ্ন না ঘটে।

এদিকে উড়োজাহাজের পাশাপাশি শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিইর প্রধান কার্যালয়েও বোমাতঙ্ক দেখা দেয়। ভবনটি দ্রুত খালি করে দেয়া হয় এবং সরাসরি সম্প্রচার বন্ধ রেখে আগে ধারণ করা অনুষ্ঠান প্রচার করা হয়। আয়ারল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির এবং ইউরোপের বেশ কিছু সংবাদমাধ্যম লক্ষ্য করে দেয়া হুমকির বিষয়টি খতিয়ে দেখছে তারা।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিভিন্ন হুমকির কারণে ইউরোপে দুই ডজনেরও বেশি ফ্লাইট ব্যাহত হয় এবং বেশ কয়েকটি উড়োজাহাজের পথ পরিবর্তন করতে হয়। সাম্প্রতিক সময়ে ইউরোপের সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলা, আকাশসীমায় রহস্যজনক ড্রোনের উপস্থিতি ও জরুরি সতর্কবার্তা অ্যাপে বিভ্রান্তি সৃষ্টির মতো নানা ঘটনা ঘটেছে। ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইউরোপে রাশিয়া তথাকথিত ‘হাইব্রিড হুমকি’ বা তৎপরতা বাড়াতে পারে বলে সতর্ক করে আসছে গোয়েন্দা সংস্থাগুলো।

এএম