ফেনীতে কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আটক করা মালামাল
এখন জনপদে
0

ফেনীর মহীপাল এসএ পরিবহনে বিজিবি-সেনাবাহিনী-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের এস এ পরিবহন মহীপাল শাখায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মালামালসহ ২ জনকে আটক করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ, আতশবাজিসহ এসএ পরিবহনের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

এছাড়া ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর মাদক ও চোরাচালান অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

সর্বমোট আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা। আটককৃত মালামাল ও ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য ফেনী সদর থানার সোপর্দ করা হয়েছে।

ফেনী ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কুরিয়ার সার্ভিসটির ম্যানেজার আতিকুর রহমান ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন কুমার বড়ুয়া জরিমানার তথ্য নিশ্চিত করেন।

ইএ