মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫

মানিকগঞ্জ
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা
এখন জনপদে
0

মানিকগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ (বুধবার, ১১ মার্চ) সকাল ও দুপুরে জেলার দু’টি গুরুত্বপূর্ণ সড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের তরা সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের ওই অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন:

এদিকে একইদিন সকাল ৯টার দিকে হেমায়েতপুর–সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বাইমাইল বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘ঢাকা–আরিচা মহাসড়কের তরা সেতুর ওপর বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

এসএস