সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

নারায়ণগঞ্জ
ফতুল্লায় ঈদ উদযাপন
ধর্ম ও বিশ্বাস
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় লামাপাড়াস্থ হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে জামাতটি পরিণত হয় এক মিলনমেলায়।

আরও পড়ুন:

ঈদের জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। নামাজে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা ও সাভারসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন।

আরও পড়ুন:

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা এসময় মহান আল্লাহর নিকট করোনা-পরবর্তী বিশ্ব পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব মানুষের কল্যাণ কামনা করেন।

আরও পড়ুন:

জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ঈদ উদযাপন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

স্থানীয়রা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক।

এসএস