মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
2

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা সেখানে এই যুদ্ধকালীন সময়েও থাকতে চায় তাদের সুরক্ষা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (শুক্রবার, ২০ মার্চ) সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর তিনি এ কথা বলেন।

এসময় নিহতের পরিবারের হাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমাদের প্রধান কাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা। তার জন্য যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রবাসী যারা থাকতে চায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি। আর যারা দেশে আসতে পারবে তাদের সরকারি খরচে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চায় যুদ্ধ না হোক। বাংলাদেশ ডায়লগ চালাচ্ছে।’

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, ‘যে প্রবাসীরা এই যুদ্ধে নিহত হয়েছে তাদের প্রাথমিকভাবে তিন লাখ টাকা ও সন্তানদের পড়াশোনার ব্যয় বহন এবং পরবর্তীতে আরও আর্থিক সহায়তা দেয়া হবে।’

এর আগে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নিহতের মরদেহ। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ।

এসএস