কুষ্টিয়ায় ওসির গাড়িতে হামলা, ৪ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার কুমারখালী থানা
এখন জনপদে
0

কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের চাচাতো ভাইসহ তার স্বজনদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন।

পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়ায় এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উভয় পক্ষের লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং এক পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন:

এ ঘটনায় রাতেই কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ খান বাদী হয়ে আনোয়ার হোসেন ও শিপলুসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৮ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, ‘প্রশাসনের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তিনি জানেন না।’

এএম