ঈদের পোশাকের প্রলোভনে অপহরণ; শ্যামপুর থেকে শিশুকে উদ্ধার

নারায়ণগঞ্জ
অপহৃত শিশুকে উদ্ধার
অপরাধ
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অপহৃত এক শিশুকে রাজধানীর শ্যামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থী মোহাম্মদ হোসেনকে অপহরণ করেন আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়।

একপর্যায়ে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা নেয়ার পর অপহরণকারী শিশুটিকে ঢাকার শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসায় তালাবদ্ধ করে রেখে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীতে চলে যান।

আরও পড়ুন:

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযুক্ত আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও বিকাশে নেয়া টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যে গতকাল (শুক্রবার, ২০ মার্চ) দিবাগত রাতে ঢাকার শ্যামপুর এলাকার একটি বাসা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ‘এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

জেআর