দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩

কুমারখালী বাস টার্মিনাল; দৌলতদিয়া ফেরিঘাটে উদ্ধারকর্মীদের অভিযান
এখন জনপদে
1

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসে ওঠা ৮ যাত্রীর মধ্যে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে সৌহার্দ্য পরিবহন নামের এ বাসটি শিশুসহ ৮ যাত্রী নিয়ে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে যায় এ দুর্ঘটনা। বাসটিতে চালক-হেল্পারসহ প্রায় ৫০জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কুমারখালী থেকে বাসে উঠা যাত্রীরা হলেন— গিয়াস উদ্দিন রিপন (৪৫), তার স্ত্রী লিটা খাতুন (৩৭) এবং তাদের সন্তান আবুল কাসেম সাফি (১৭) আয়েশা বিন্তে গিয়াস (১৩), মো. নুরুজ্জামান (৩২), তার স্ত্রী আয়েশা আক্তার (৩০) এবং তাদের সন্তান নওয়ারা আক্তার (৪) ও আরশান (৭ মাস)।

এ দুই পরিবারের মধ্যে আয়েশা, আরশান ও আয়েশা বিন্তে গিয়াস নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে নুরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বাড়ির কাছাকাছি হওয়ায় কুমারখালী বাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়া আসা করি। ছুটি শেষে সৌহার্দ্য পরিবহনে করে ঢাকা যাচ্ছিলাম। পথে ফেরিতে ওঠার সময় গাড়ি সিরিয়ালে ছিল। তখন আমি আর বড় মেয়ে নাওয়ারা বাস থেকে নেমে যাই। আর স্ত্রী আয়েশা ও ছোট মেয়ে আরশান বাসেই ছিল। পরে বাসটি নদীতে পড়ে ডুবে যায়। এখন পর্যন্ত স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি।’

আরও পড়ুন:

এদিকে গিয়াস উদ্দিন রিপন বলেন, ‘বাসের সঙ্গে আমার স্ত্রী লিটা ও মেয়ে আয়েশা পানিতে ডুবে যায়। পরে স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও মেয়েকে এখনও পাইনি।’

সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্বয় আহমেদ বলেন, ‘দুপুর আড়াইটার দিকে ৬টি সিটে যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি। এরপর খোকসা থেকে ৭ জন, মাছপাড়ার ৪ জন, পাংশার ১৫ জন, চালক, হেল্পারসহ মোট ৫০ জন ছিলেন।’

তার ভাষ্য— ৪০ সিটের বাসে মোট ৫০ জন ছিল। ব্রেক-ফেল করে গাড়িটি নদীতে নেমে গেছে। যাত্রীদের কারো পরিচয় জানা নেই।

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা বলেন, ‘কুমারখালী থেকে শিশুসহ ৮ যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল। তাদের বাড়ি খোকসা ও শৈলকূপা উপজেলায়। ৮ জনের মধ্যে ৩ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানাতে পারবো।’

এসএইচ