তাহিরপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা

সুনামগঞ্জ
উপজেলা প্রশাসনের অভিযান
এখন জনপদে
0

সুনামগঞ্জের তাহিরপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে কবির হোসেন নামে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) রাতে তাহিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভাই ভাই নামে একটি প্রতিষ্ঠান খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ