ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি উদ্ধার
এখন জনপদে
1

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে চোরাইপথে আনা ভারতীয় ২ হাজার ৭১৬ পিস শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেবগ্রাম এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব শাড়ি উদ্ধার করে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুলতানপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম।

আরও পড়ুন:

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ২ হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। তবে এখনো এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত উন্নতমানের শাড়িগুলো ভারত থেকে চোরাইপথে আনা হয়েছে। শাড়িগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো অবৈধ পণ্যের চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

এফএস