ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ

চট্টগ্রাম
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
এখন জনপদে
0

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ পর্যন্ত বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব এরশাদুল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আশাদুল করিম শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আওয়ালসহ চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেলা ও মহানগর ড্যাবের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

এ সময় বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। শুধু সরকারের বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি এসময় বিএনপির নেতাকর্মীদের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান।

কর্মসূচিতে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সতর্কতা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ধারাবাহিক লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এফএস