সুরের মূর্ছনায় উৎসবমুখর বর্ষবরণ; নগর-গ্রামে বর্ণিল বৈশাখি শোভাযাত্রা

সারা দেশে বর্ষবরণ
এখন জনপদে
0

সুরের মূর্ছনায় বৈশাখের প্রভাতে বর্ষবরণ। মুগ্ধতা ছড়িয়ে শুরু হলো বাংলা বর্ষের আরও একটি নতুন বছর। প্ল্যাকার্ড ফেস্টুনসহ শোভাযাত্রায় নানা বয়সের মানুষ। লাঠি খেলাসহ বাঙালির ঐতিহ্য স্মরণে আবহমান গ্রামবাংলার নানা দৃশ্যের চিত্রায়ন। সব মিলিয়ে উৎসবমুখর শহর গ্রামাঞ্চলের প্রতিটি জনপদ। কণ্ঠে কণ্ঠে নতুন বছরের শুভকামনা।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে ঢোল বাদ্যের তালে তালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জারুলতলায় গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। নানা সাজপোশাকে এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে নগরের ডিসি হিল শিরীষতলাসহ বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় বর্ষবরণের উৎসব। আনন্দ আয়োজনে তুলে ধরা হয় চিরায়ত বাংলার নানা চিত্র।

বরিশাল বিএম স্কুল মাঠে গান নৃত্যে শুরু হয় বর্ষবরণ। পরে উদীচী ও চারুকলার উদ্যোগে শুরু হয় শোভাযাত্রা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

বগুড়া সাংস্কৃতিক ফ্রন্ট ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে পৌর পার্কে বৈশাখী গান ও পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মির শাহে আলম। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এতে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহসহ অনেকে অংশ নেন।

বর্ণিল আয়োজনে খুলনায় উদযাপন করা হয় পয়লা বৈশাখ। নগরীর সার্কিট হাউস মাঠে গান দিয়ে শুরু হয় বাংলা বর্ষের প্রথম দিন। পরে রেল স্টেশন এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় তুলে ধরা হয় বাঙালি ঐতিহ্যের নানা চিত্র। চারুকলার উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়েও শোভাযাত্রা বের করা হয়।

নতুন স্বপ্ন ও সম্ভাবনার স্লোগানে ময়মনসিংহে উদযাপন করা হয় বাংলা সনের বর্ষবরণ। জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় সংসদ সদস্যসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়া যশোর, দিনাজপুর, রংপুর, কুমিল্লা, সাতক্ষীরা, নাটোর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর ও হিলিসহ সারাদেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে বর্ষবরণের উৎসব। পুরনো বছরের গ্লানি ভুলে নতুনকে বরণ করতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

জেআর