আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘আগুনের ধোঁয়ায় আক্রান্ত ৭০ এর বেশি শিক্ষার্থী আমাদের এখানে ভর্তি হোন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে আইসিইউতে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের সহায়তা দেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস ও শিবু মার্কেট ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ৫তলা বিশিষ্ট মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের ঘটনা ঘটেছে।
এদিকে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম জানান, রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোয় কাজ শুরু করেন। প্রাথমিকভাবে কয়েকজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে আরো প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে সেখানে নেয়া হয়। এ ঘটনায় মাদ্রাসার কক্ষে থাকা বিপুল ইসলামিক বই এবং সহ সবকিছু পুড়ে যায়। এতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।





