পুলিশ ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু করা হয়। রাত দেড়টার দিকে তেল পাম্পের কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেয়ার দাবি জানান। এসময় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে ট্রাকচালক ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়।
আরও পড়ুন:
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। তবে হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানান কানন ফিলিং স্টেশনের ম্যানেজার ফজের আলী। আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনও কোনো অভিযোগ দেননি। পুলিশ অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান।





