মৌলভীবাজারে হামের টিকাদান শুরু; পাবে দুই লাখ দশ হাজার শিশু

মৌলভীবাজার
হামের টিকাদান কার্যক্রম উদ্বোধন
স্বাস্থ্য
এখন জনপদে
0

সারাদেশের সঙ্গে মৌলভীবাজারেও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলায় তিন সপ্তাহে ২ লাখ ১০ হাজার শিশুকে এ টিকা প্রদান করা হবে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা তানভির ফরহাদ শামিম, ফ্যামিলি প্ল্যানিংয়ের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাস, ইপিআই সুপার মো. আব্দুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহফুজুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অন্যরা।

সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, ১০টি স্থায়ী ও ১ হাজার ৬৬৮টি অস্থায়ী বুথে তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলমান থাকবে। ২১০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২১০ জন টিকাদান কর্মী ও ৩ হাজার ৩৫৪ জন স্বেচ্ছাসেবক এ কর্মসূচীতে কাজ করবেন।

জেলায় ২ লাখ ৯ হাজার ৯৭৫ জন শিশুকে এ টিকার আওতায় এনে টিকা প্রদান করা হবে। এ বিষয়ে সিভিল সার্জন সকলের সহযোগিতা চেয়েছেন। প্রথম দফায় কমিউনিটি পর্যায়ে ও পরে প্রতিষ্ঠানভিত্তিক এ কর্মসূচি পালিত হবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘অন্যান্য বারের মত এবছরও সকলের সহযোগিতায় মৌলভীবাজার জেলার সকল শিশুর মধ্যে হামের টিকা প্রদান করে টিকাদান কর্মসূচিতে এগিয়ে থাকবে।’

এএইচ