পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ, আটক ৪

পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগে চারজনকে আটক করে নিয়ে যাচ্ছে ডিবি পুলিশ
এখন জনপদে
0

পাবনায় জেলা ছাত্রদলের সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) রাত আটটার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের আবদুল হামিদ সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আবদুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে মার্কেটের ওপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেটের ওপর থেকে ককটেল নিক্ষেপের বিষয়টি বুঝতে পেরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে মার্কেটটি ঘিরে ফেলেন এবং সন্দেহভাজন চারজনকে আটকে রাখেন।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে। আটক ব্যক্তিদের নাম-পরিচয়, সেখানে তাদের অবস্থানের কারণ এবং এ ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এএম