বিজিবি অভিযানে ৫৬ লাখ টাকার নিষিদ্ধ সিরাপ-জর্দা জব্দ

জয়পুরহাট
অভিযানে জব্দ ৫৬ লাখ টাকার নিষিদ্ধ সিরাপ-জর্দা
এখন জনপদে
0

জয়পুরহাট সদর উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং নিষিদ্ধ জর্দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২০। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

আজ (সোমবার, ৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ মালামাল মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

গোয়েন্দা তথ্যে জানায়, এসব পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করে পরবর্তীতে সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা ছিলো চোরাকারবারিদের।

পরে গতকাল​(রোববার, ৩ মে) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই গোডাউনে অভিযান চালায়।

আরও পড়ুন:

অভিযানে প্রশাসনের পক্ষ থেকে জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র‍্যাব-৫ এর একটি চৌকস দল সম্মিলিতভাবে তল্লাশি পরিচালনা করে।

যৌথ বাহিনীর তল্লাশিতে গোডাউন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ, যা ৫১টি কার্টুনে সংরক্ষিত ছিলো। ৭ হাজার ২০০ পিস ৫ বস্তা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত পদ্মাপুরী জর্দা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের ক্ষতিকর ও অবৈধ পণ্যের পাচার রোধে তাদের এমন কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যেকোনো নির্ভরযোগ্য তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সাধারণ নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এসএইচ