বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে হবে ঈদুল আজহার প্রধান জামাত

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ
এখন জনপদে
1

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ঈদের জামাত ও কোরবানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। ঈদকে ঘিরে এরইমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ।

বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, ‘বাগেরহাট জেলার প্রধান ঈদুল আজহার নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসঙ্গে দেড় হাজার ও বাইরে ৫ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।’

এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলীর (রহ.) মাজার-দরহা জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ঈদুল আজহা দিন সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বাংলা ও আরবি হরফে ঈদ মোবারক খচিত পতাকা প্রস্তুত, বিতরণ ও সরকারি বেসরকারি ভবনে উত্তোলন, ঈদ মোবারক খচিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রস্তুতকরণ পবিত্র ঈদুল আজহার দিন সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, ছোটমনি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানা গেছে।

এছাড়াও বিনা টিকেটে দর্শনীয় স্থানে প্রবেশের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সকলকে নিয়ম মেনে পশু কোরবানি করা, চামড়া সংরক্ষণ ও বর্জ্য পরিষ্কারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এএইচ