কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ
সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল (মঙ্গলবার, ২ জুন) সন্ধ্যা ও রাতে উপজেলার দুটি পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন; ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০) এবং কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল (১৮)। আহত ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সন্ধ্যার দিকে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে আরও এক আরোহীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি ছিলো। সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘মধূয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জেআর