নেত্রকোণায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতি আটক, দল থেকে বহিষ্কার

সৈয়দ মিঠু মিয়া
অপরাধ
এখন জনপদে
0

নেত্রকোণার মদনে দুই পুলিশ সদস্য ওপর হামলার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পর থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

আজ (শুক্রবার, ৫ জুন) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের নিশ্চিত করেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) সন্ধ্যার পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় পুলিশের ওপর হামলার এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল সভাপতি মিঠুকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন—মদন থানায় কর্মরত কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আটক সৈয়দ মিঠু মিয়া মদন পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীরা প্রশাসনের কাছে নানা হয়রানির অভিযোগ জানাচ্ছিলেন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল নেতা সৈয়দ মিঠু।

প্রশাসন ও শ্রমিক নেতাদের আলোচনার সময় পুলিশ মিঠুকে একটু দূরে সরতে বললে তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং সৈয়দ মিঠুর আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘যাত্রী হয়রানির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে মিঠু নামের এক যুবক আচমকা হামলা করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘যাত্রীদের হয়রানির খবর পেয়ে আমি উপস্থিত হয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করি। ওই সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। সে বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

এসএস