‘ডিইএসডব্লিউএসপি প্রকল্প চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ হবে’

নারায়ণগঞ্জ
কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভাইরনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট (ডিইএসডাব্লিউএসপি) চালু হলে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প হিসেবে বিবেচিত এ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

আজ (সোমবার, ৮ জুন) সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে মেঘনা নদীর পানি ব্যবহার করে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতদিন ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিলো। ভবিষ্যতে এটি ভয়াবহ সংকট তৈরি করতে পারত। সেই পরিস্থিতি মোকাবিলায় মেঘনার পৃষ্ঠজল সংগ্রহ করে আধুনিক প্রযুক্তিতে পরিশোধনের মাধ্যমে ঢাকার নাগরিকদের কাছে নিরাপদ পানি পৌঁছে দেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রকল্পটি প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কিছু কাজ শেষ করে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা করছি।

‘প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর আরও একটি প্রকল্প নেয়ার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। তখন মোট ১০০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা তৈরি হবে।’

আরও পড়ুন:

ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে মেঘনা নদীর পৃষ্ঠজল ব্যবহার করে টেকসই ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির মোট অর্থায়ন প্রায় ৭৩১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

প্রকল্পের আওতায় মেঘনা নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহনের জন্য বৃহৎ ট্রান্সমিশন পাইপলাইন, গন্ধর্বপুরে দৈনিক ৫০০ মিলিয়ন লিটার সক্ষমতার আধুনিক পানি শোধনাগার এবং ঢাকায় শোধিত পানি সরবরাহের জন্য ট্রান্সমিশন মেইন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পানি অপচয় হ্রাস ও বিতরণ নেটওয়ার্ক উন্নয়নের কাজও চলমান রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএইচ