নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
এখন জনপদে
0

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের মোক্তারপাড়া এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গতকাল (মঙ্গলবার, ৯ জুন) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন দিয়েছে। আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় কয়েকজনকে ‘শেখ হাসিনা আসবে’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

পরে খবর পেয়ে রাতে এ ঘটনা পরিদর্শন করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বুধবার (১০ জুন) সকালে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের পেছনের অংশে আগুনে কিছুটা পোড়ার চিহ্ন রয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রশাসন। এ ঘটনার পরপরই জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। দাহ্য বস্তু ঢেলে দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। দোষীদের চিহ্নিত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ