জাতিসংঘের ৮১তম অধিবেশন: বৈশ্বিক সংকট সমাধানে কতটা কার্যকর এ সংস্থা?

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক শুরু আজ থেকে
বিদেশে এখন
0

বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। যুদ্ধ-সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনায় বসেছেন বিশ্বনেতারা। তবে প্রশ্নও উঠছে, আন্তর্জাতিক সংকট মোকাবিলায় কতটা কার্যকর জাতিসংঘ?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই যাত্রা শুরু জাতিসংঘের। আট দশক পরও বিশ্বের ১৯৩টি দেশকে এক ছাতার নিচে আনার সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এই সংস্থা।

প্রতি বছর সাধারণ পরিষদের অধিবেশন হয়ে ওঠে বিশ্ব কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন। এখানে উঠে আসে যুদ্ধ ও শান্তি, মানবাধিকার, জলবায়ু, অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

এবারের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য, আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ।কিন্তু বাস্তব চিত্রে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। ইউক্রেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন সংঘাত এখনো অব্যাহত। বড় সংকটের সময় নিরাপত্তা পরিষদের বিভক্তি এবং ভেটো ক্ষমতার ব্যবহার নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার ভাষণে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিকতার ওপর জোর দিয়েছেন। তার বক্তব্য, সামরিক শক্তি দিয়ে একা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

আরও পড়ুন:

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। ইরান ও কিউবা ইস্যুতেও তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান।

ফলে এবারের অধিবেশনে শুধু বিশ্ব সংকট নয়, জাতিসংঘ নিজেই কতটা কার্যকর এবং বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে এর কাঠামো কতটা সামঞ্জস্যপূর্ণ, সেই বিতর্কও সামনে এসেছে।

সমালোচকদের প্রশ্ন, বিশ্বের বড় বড় সংকট যদি আলোচনার টেবিলেই থেকে যায়, তাহলে জাতিসংঘের কার্যকারিতা কোথায়? তবে জাতিসংঘের গুরুত্বও অস্বীকার করার সুযোগ নেই। কারণ মতপার্থক্য থাকলেও বিশ্বের ১৯৩টি দেশকে একই মঞ্চে এনে আলোচনা ও সমঝোতার সুযোগ তৈরি করে এই প্রতিষ্ঠানই।

এফএস