কক্সবাজারে বাসায় ঢুকে ছুরিকাঘাতে নিহত ১, আটক ৩

কক্সবাজার সদর হাসপাতাল
এখন জনপদে
0

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ছুরিকাঘাতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গতকাল (মঙ্গলবাল, ৯ জুন) মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় জানায়, সানজিদা আক্তার রেশমির সঙ্গে একটি মুদির দোকানের ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের পরিচয় ছিলো। সেই পরিচয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছিল। ঘটনার দিন রাতে ওই বিষয়কে কেন্দ্র করে কয়েকজন নারী তার বাসায় গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং সানজিদাকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার সময় বাসায় থাকা তার ১২ বছর বয়সি ছেলে সাব্বির মায়ের আর্তচিৎকার শুনে ছুটে আসে। মায়ের রক্তাক্ত দেহ দেখে সে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকে। শিশুটির কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের বাসায় কাজ করা আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, পূর্বের পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের সাবেক স্বামী ইমন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। আমাদের একটি সন্তান রয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হোক।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর স্থানীয়রা কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশও ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্ত ইয়াসমিনসহ কয়েকজনকে আটক করেছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেআর