মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজার
নিহত মুজিবুর রহমান মুজিব
এখন জনপদে
0

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান মুজিব (২৬) নিহত হয়েছে।

গতকাল (শুক্রবার, ১২ জুন) বিকেল ৫টার পরে দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে ভারতের তারবেড়ার কাছে গেলে ভারতীয় বিএসএফের গুলিতে দত্তগ্রামের লইযারচর এলাকায় আজিজুর রহমান অজিবের ছেলে নিহত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য ভারতের উনকোটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস।

এদিকে রাতে বিজিবি জানায়, ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত হয়েছে।

তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শুক্রবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৬-৭ জনের চোরাকারবারীর দল কর্তৃক ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানী মালামাল আনয়নের নিমিত্তে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করলে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উক্ত চোরাকারবারীদের বাধা প্রদান করলে বাংলাদেশি চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর দেশিয় অস্ত্র দ্বারা আক্রমণের চেষ্টা করে।

আরও পড়ুন:

সেসময় বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারীদের ওপর দুই থেকে তিন রাউন্ড ফায়ার করলে একজন বাংলাদেশি চোরাকারবারী মো. মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

নিহত মুজিব কুলাউড়ার নিশ্চিন্তপুর দত্তগ্রামের মো. অজিব আলীর ছেলে।

এছাড়াও অবশিষ্ট চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, নিহত চোরাকারবারী ইতিপূর্বে চোরাচালানী মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায় বিজিবি।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস