কক্সবাজারে ১৭ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

আটককৃত ব্যক্তিরা
এখন জনপদে
0

কক্সবাজার সদর হাসপাতাল এলাকার সামনে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গতকাল (রোববার, ২১ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও তার স্বামী জাগির হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে কক্সবাজার শহরে আসছিলেন ওই দম্পতি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সদর হাসপাতাল এলাকার সামনে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তারা ইয়াবার একটি চালান নিয়ে কক্সবাজার শহরে এসেছিল।’

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এ মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।

এফএস