বজ্রপাতে সাভার-নরসিংদীসহ পাঁচ জেলায় নিহত ৯

বজ্রপাত
এখন জনপদে
0

বজ্রপাতে সাভার ও নরসিংদীসহ পাঁচ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এরমধ্যে সাভারে খেত থেকে সবজি তোলার সময় তিনজন এবং নরসিংদীতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ গেছে। এছাড়াও জামালপুর, কিশোরগঞ্জ ও ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু হয়েছে কৃষক ও নৌকার মাঝিসহ তিনজনের।

সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সবজি খেতের মালিক কুটি ব্যাপারী এবং বাকি দুইজন শ্রমিক। রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, সবজি তোলার জন্য খেতের মালিক ওই দুই শ্রমিককে এনেছিলেন।

এদিকে, নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ১ জন। নিহতরা হলেন, জহিরুল হক, আবু রায়হান ও আবু জাফর। পুলিশ জানায়, মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের এবং ঝিনাইদহের মহেশপুরে কৃষকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরেও বজ্রপাতে একজনের মৃত্যু।

এছাড়া, কিশোরগঞ্জের নিকলি হাওরে বজ্রপাতে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। এনিয়ে কয়েক জেলায় বজ্রপাতে মোট ৯ জনের প্রাণ গেছে।

জেআর