নিম্নমানের সামগ্রী দিয়ে বান্দরবানে সড়ক নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

বান্দরবান
বান্দরবানে সড়ক নির্মাণ
এখন জনপদে
0

বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের মাটি, ঝিরির পাথর ও নিম্নমানের ইট দিয়ে তৈরি হচ্ছে সড়ক। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগতমান নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে শত কোটি টাকার সড়ক নির্মাণের কাজ। যদিও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুর্গম এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য নির্মিত সড়কে মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি।

থানচি উপজেলার হাসপাতাল থেকে বলি পাড়া পর্যন্ত প্রায় ৭ কোটি টাকার সড়ক নির্মাণে দেখা গেছে বালির পরিবর্তে পাহাড়ের মাটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। একই চিত্র রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় সড়ক নির্মাণ কাজেও। রিটার্নিং ওয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্ন মানের ইট, বালু, সিমেন্টসহ নানা সামগ্রী। এছাড়াও লামা, আলিকদমসহ বিভিন্ন উপজেলায় এলজিইডির কার্যক্রমে অনিয়ম আর দুর্নীতির চিত্র।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার বিষয়ে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়া হয় না। এর ফলে রাস্তায় বালির পরিবর্তে পাহাড়ের মাটি, আমদানিকৃত পাথরের পরিবর্তে বিভিন্ন ঝিরি ঝর্ণার পাথর ও নিম্নমানের ইট ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘প্রায় এক বছর মতো করার পর, আবার এক মাস পর আবার ধসে পড়ে যায়। এখন বর্তমানে যেটা চলমান আছে, সেটা একদিকে করলে একদিকে ভেঙে পড়ে যায়।’

তবে অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর।

থানচি ও লামা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘ঊর্ধ্বতনকে জানাব। আমি নিজে চেষ্টা করব, নিজে না পারলে ঊর্ধ্বতনকে জানাব। ঠিকাদারের কাজ বন্ধ করে দেব। অবশ্যই কোয়ালিটি নিয়ে আসার জন্য যেটা দরকার, সে জন্য ব্যবস্থা সেটা অবশ্যই নেয়ার চেষ্টা করব।’

গত একবছরে জেলায় সড়ক নির্মাণ ও উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ২০০ কোটি টাকার বেশি কাজের বরাদ্দ দেয়া হয়েছে।

জেআর