গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) সন্ধ্যায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের বিশেষ উদ্যোগে দুই পরিবারকে থানায় ডেকে সমঝোতা করা হয়। পরে কাজী ডেকে ধর্মীয় ও আইনি রীতি মেনে পুনরায় তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
এর আগে, মহেশপুর উপজেলার কোলা গ্রামে গর্ভে জমজ কন্যাসন্তান থাকার খবর জেনে রিনাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সন্তান প্রসবের পর দেড় মাস কেটে গেলেও কোনো খোঁজ নেননি স্বামী রাকিবুল, উল্টো ডিভোর্স লেটার পাঠান।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের নির্দেশে আইনি পদক্ষেপ ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়।
আরও পড়ুন:
পরে গতকাল বিকেলে মহেশপুর থানায় হাজির হন অভিযুক্ত স্বামী ও তার পরিবার। সেখানে পুলিশের মধ্যস্থতায় নিজের ভুল বুঝতে পেরে রিনা ও দুই কন্যাসন্তানকে সসম্মানে ঘরে তুলে নিতে রাজি হন রাকিবুল।
নতুন করে সংসারে ফিরতে পেরে উচ্ছ্বসিত রিনা খাতুন। এদিকে সন্তানকে বুকে টেনে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন স্বামী রাকিবুল ইসলাম।
এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আমরা শুধু আইনগত ব্যবস্থার দিকেই যাইনি, শিশুদের ভবিষ্যৎ এবং একটি ভেঙে যাওয়া সংসার জোড়া লাগানোর ওপর জোর দিয়েছি। কাজী ডেকে তাদের পুনরায় বিয়ে দেয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এ দম্পতির ওপর নিয়মিত নজরদারি রাখা হবে।’





