যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

যশোরে ভিটামিন এ ক্যাম্পেইন
স্বাস্থ্য
এখন জনপদে
0

সারা দেশের মতো যশোরেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। আজ (রোববার, ২৮ জুন) সকালে যশোর উপশহর শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৮টি উপজেলায় একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইউসুফ আলী, মেডিকেল অফিসার ডা. মৌসুমী বিনতে মানিক, ডা. সামিনা পারভীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মেডিকেল অফিসার।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

জেআর