ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ন্যাটো মহাসচিবের

ডোনাল্ড ট্রাম্প ও মার্ক রুটে
ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফ্লোরিডায় রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ইউক্রেনকে যুদ্ধে প্রয়োজনীয় সমর্থন দেয়ার অঙ্গীকার করেছেন রুটে। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর চাপ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। এর মধ্যে রাশিয়ায় একটি বিমানঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থাপনায় রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। অব্যাহত রয়েছে রুশ বাহিনীর পাল্টা হামলাও। এছাড়া রাশিয়ার সঙ্গে বেশ কিছু বড় বাণিজ্য চুক্তির পরিকল্পনা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে মস্কোতে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন ‘মার-এ-লাগো’-তে রুদ্ধদ্বার বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প ও আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটে। যেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ছিল না। এক যৌথ বিবৃতিতে বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলা হয়। যেখানে রাশিয়া -ইউক্রেন যুদ্ধ ছাড়াও আন্তর্জাতিক নিরাপত্তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে বলে জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ও ইরান সংকট, ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় এবং ট্রান্স-আটলান্টিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্যই যুক্তরাষ্ট্র সফরে মার্ক রুটে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রশাসন ও ইউরোপীয় মিত্রদের টানাপোড়েন কমিয়ে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখার প্রচেষ্টাও রয়েছে তার।

এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটো মহাসচিব রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। ইউক্রেনকে যুদ্ধে প্রয়োজনীয় সব সমর্থন দেয়ার প্রয়োজনীয়তার বিষয়েও একমত তিনি।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো, ইউক্রেনকে যুদ্ধে প্রয়োজনীয় সব সমর্থন দিচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনকে লড়াইয়ে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব, কারণ এটি পুতিনকে পরীক্ষায় ফেলেছে। শেনজেনের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পও যা করছেন সেটিও পুতিনকে পরীক্ষায় ফেলার শামিল। তিনি কতটা আন্তরিক? তিনি কি আলোচনার টেবিলে আসতে ইচ্ছুক? তিনি কি সত্যিই আলোচনায় অংশ নিতে আগ্রহী? সুতরাং, আসুন চাপ অব্যাহত রাখি। আমাদের এটা চালিয়ে যেতে হবে।’

আরও পড়ুন:

এর মধ্যেই ইউক্রেনের জ্বালানি ও পরিবহন অবকাঠামো, বিভিন্ন সামরিক-শিল্প স্থাপনাসহ ১৪৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যার মধ্যে ইউক্রেনীয় ও বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। এসব হামলার ঘটনায় হতাহতের খবরও মিলেছে। এছাড়া অন্তত ৮০০ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রুশ বাহিনী।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার নিজনি নোভগোরোদ ওব্লাস্টের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে। এতে পাঁচটি রুশ সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। একই দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ অন্তত ২০৩ ফ্রন্টে সরাসরি সংঘর্ষের কথাও জানিয়েছেন। এছাড়া রাশিয়ার হামলায় বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির পাঁচটি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

এর মধ্যে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, রাশিয়ার সঙ্গে বেশ কিছু বড় বাণিজ্য চুক্তির পরিকল্পনা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বাদ দেয়া প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনসহ রাশিয়ার তেল প্রকল্পে মার্কিন বিনিয়োগ, রুশ বিমান চলাচল শিল্পে যৌথ উদ্যোগ, টাইটানিয়াম উৎপাদনে যৌথ প্রকল্পের পরিকল্পনা।

আরও পড়ুন:

আরেকদিকে মস্কোতে সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারত্বর বিষয়ে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও ব্রুনাইয়ের কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকী উপলক্ষে এই সফর। তাস-এর তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ব্রুনাই রুশ তেলের অন্যতম বড় ক্রেতা। গত বছর ব্রুনাইয়ের মোট আমদানির ১৭ শতাংশই ছিল রুশ তেল।

এসএস