সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১০ জেলে উদ্ধার

উদ্ধারকৃত ১০ জেল
এখন জনপদে
0

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল (সোমবার, ২৯ জুন) দুপুরে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেকে নিয়ে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। গতকাল (সোমবার, ২৯ জুন) সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমের গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেটি সাগরে ভাসতে থাকে।

দুপুর ১টার দিকে বোটে থাকা এক মাঝি মোবাইল ফোনে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীতে যোগাযোগ করে সহায়তা চান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমুদ্রে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জেআর