ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া; ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো কুসিক

কুমিল্লা
কুসিকের উচ্ছেদ অভিযান
এখন জনপদে
2

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া দেয়ার অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। পরে আজ (সোমবার, ৬ জুলাই) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে জানানো হয়, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানান, গত কয়েকদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ‘সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা নিজেরা মাঠে গিয়ে নির্দেশনা দেই। পরে বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিলো। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।

নগরীর ফুটপাত, সড়ক এবং সড়কের পাশের দোকানের সামনে অবৈধভাবে হকার, ভ্যানগাড়ি ও অস্থায়ী দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। এর ফলে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি নগরীর স্বাভাবিক যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন:

স্মারকে আরও বলা হয়, এ সমস্যা নিরসনে কুসিকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান তা উপেক্ষা করে দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসাতে সহযোগিতা করে আসছে।

তদন্তে এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।

কুমিল্লা সিটি করপোরেশন জানায়, প্রচলিত আইন লঙ্ঘন করে নগরীতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নগরীর রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের অন্তত ৩০টি ভ্যান বিনষ্ট করা হয়। একই অভিযানে একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান সংরক্ষণের জন্য জায়গা দেয়ার অভিযোগে ভবন কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও প্রদান করা হয়।

কুসিক জানায়, ফুটপাত দখল, যানজট সৃষ্টি এবং অবৈধ কার্যক্রমে সহযোগিতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ