ওয়ানডেতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, আশাবাদী সুজন

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডেতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। তবে, সাফল্যের জন্য দলীয় পারফরম্যান্সের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ধারাবাহিকতার ওপর জোর দিলেন সাবেক অধিনায়ক। জাতীয় কোচ ইস্যুতেও জানালেন তার মতামত।

টেস্টে ব্যর্থতা ভুলে এবার ওয়ানডেতে নতুন শুরুর অপেক্ষা বাংলাদেশের। ফরম্যাট বদলালেও প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, ওয়ানডেতে ভালো দল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ও ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়াতে হলে ব্যক্তিগত নয়, দলীয় পারফরম্যান্সই হবে মূল চাবিকাঠি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের সবাইকে দল হিসেবে খেলতে হবে। ওয়ানডেতে আমরা জিম্বাবুয়ে ও ট্রাইনেশন সিরিজে খারাপ খেলেছি, এতে আমরা সবাই হতাশ। তবে টিমের সবাই পারফর্ম করলে ওয়ানডেতে ভালো কিছু হবে।’

দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। দীর্ঘদিন পর কেউ দলে সুযোগ পেলে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি। মোসাদ্দেক হোসেনের বাদ পড়াকে দেখছেন দুর্ভাগ্য হিসেবে। তার মতে, সব পজিশনের ক্রিকেটারদের সমান চোখে দেখা এবং নির্বাচকদের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

এদিকে কোচ পরিবর্তনেই সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই অধিনায়ক। তার মতে, কোচের কঠোরতা কিংবা নমনীয়তার চেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিকেটাররা কোচের কাছ থেকে কতটা শিখতে পারছেন এবং মাঠে তা কাজে লাগাতে পারছেন কি না।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আরেকটা কোচ বদলালে যে সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। কোচ কড়া হোক কিংবা নম্র, সেটাকে কীভাবে প্লেয়াররা কাজে লাগাতে পারছে, সেটাই বড় ব্যাপার। আমার মতে, বাংলাদেশের জন্য হাথুরুসিংহের মতো কোচ সবচেয়ে ভালো ছিলো।’

দক্ষিণ আফ্রিকার মাটিতেই ৯ মাস পর বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। প্রতিপক্ষও খুব একটা সহজ না। তার আগে এই সিরিজই টাইগারদের পরীক্ষার মঞ্চ। সাবেক অধিনায়কের প্রত্যাশা, এই সিরিজে তাই বাড়তি কিছু করে দেখাবে লিটন দাসের দল।

জেআর