ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ
সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদের বাড়ি উপজেলার চরধরমপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শের মোহাম্মদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে মোটরসাইকেলটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ কুমার শাহ তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ