নেত্রকোণায় অবৈধভাবে ভিট বালু উত্তোলনে অর্থদণ্ড

বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ও সরঞ্জাম জব্দ
আইন ও আদালত
এখন জনপদে
1

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে ভিট বালু উত্তোলনের দায়ে জুবায়ের হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে একটি নৌকা। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে উপজেলার বিশরপাশা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিশরপাশা এলাকায় অবৈধভাবে ভিট বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বিশরপাশা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে অভিযান চালায় প্রশাসন।

পরে অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে ভিট বালু উত্তোলনের দায়ে নৌকার মালিক জুবায়ের হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ থাকলেও ঘটনাস্থলেই অর্থ পরিশোধ করেন অভিযুক্ত জুবায়ের হোসেন। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা দেন তিনি।

অভিযানে প্রায় ১ হাজার ঘনফুট ভিট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজে ব্যবহার করা হয়েছে। জব্দকৃত নৌযানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য সজল কুমার ঘোষের জিম্মায় রাখে প্রশাসন।

এএইচ