র‍্যাব সদস্যদের ওপর হামলা: কক্সবাজারে প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ
গ্রেপ্তার আসামি
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) ভোর ৫টার দিকে সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি এবং র‍্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়।

বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গিট্টু রিপন নারায়ণগঞ্জের মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তিনি কন্ট্রাক্ট কিলিং, হত্যা, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন।

এছাড়া মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

র‍্যাবের তথ্যমতে, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এসময় গিট্টু রিপন তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর জখম করে।

র‍্যাব আরও জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি এবং মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিট্টু রিপনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।

এসএইচ