সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জ
দুর্ঘটনাকবলিত ট্রাক
এখন জনপদে
0

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দিবাগত রাতে বালুভর্তি ট্রাকটি সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিচঢালা সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ চলতে থাকায় মাটির নিচে ফাঁপা অংশ (সুরঙ্গ) সৃষ্টি হয়। যথাসময়ে প্রয়োজনীয় সংস্কার না করায় শেষ পর্যন্ত সড়কটি ধসে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন:

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘সড়কটি আপাতত বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘দুর্ঘটনাকবলিত স্থান থেকে দ্রুত ট্রাকটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে।’

এসএস