পার্বত্য চট্টগ্রামে কমন ফরেস্ট এলাকা চিহ্নিত না করায় বনবিভাগ লাভবান হচ্ছে না: দীপেন দেওয়ান

মেলার উদ্বোধন করেন দীপেন দেওয়ান
এখন জনপদে
0

পার্বত্য চট্টগ্রামে কমন ফরেস্ট ও ডিফরেস্ট এলাকা চিহ্নিত না করায় সরকার ও বনবিভাগ লাভবান হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত মেলায় তিনি একথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ‘অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গাছ লাগান। কিন্তু বিক্রির সময় বন বিভাগের আইনের কারণে কাটতে না পারায় অনেকে গাছ লাগাতে উৎসাহী না। সেক্ষেত্রে আমাদের কঠোর নীতিমালার বিষয়ে বসে অর্থনীতির স্বার্থে পারমিট দেয়া দরকার। এছাড়া কমন ফরেস্ট ও ডিফরেস্ট এলাকা চিহ্নিত করা দরকার। এটাতে সরকার ও বনবিভাগ লাভবান হচ্ছে না।’

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক আব্দুল আউয়াল সরকার, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাঙামাটিতে আজ (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। পাহাড়ে বনায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা তৈরি করতে এই মেলার আয়োজন— বলছেন কর্তৃপক্ষ। মেলায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারার পাশাপাশি পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় চারা প্রদর্শনী ও বিক্রয় চলবে।

আরও পড়ুন:

আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বিচারে গাছ কাটাপড়ায় বন উজার হয়ে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। এতে বায়ুমন্ডলের উষ্ণতায় বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। মৌসুমি বৃষ্টিপাতের সময় পরিবর্তিত হচ্ছে। ঝড়-বন্যার প্রকোপ বাড়ছে। পাহাড় ও ভূমিধসের সংখ্যা বেড়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। তাই সরকারে ২৫ কোটি বৃক্ষরোপণের অভিযান সর্বোচ্চ সফল করতে হবে।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবারের আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় স্থানীয় নার্সারি ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার অংশগ্রহণে ১৬টি স্টল বসেছে।

এসএস