বৃষ্টি কমতেই কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়; উত্তাল সমুদ্রে লাল পতাকার সতর্কতা

কক্সবাজার সৈকত
এখন জনপদে
0

গত কয়েকদিনের টানা বর্ষণের পর কক্সবাজারে আজ (শুক্রবার, ২৪ জুলাই) সকাল থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমেছে। মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও কিছুক্ষণ পরই আবার মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। তবে বৃষ্টির দাপট কমলেও বৈরী আবহাওয়ার প্রভাব এখনো কাটেনি। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্রসৈকতে আছড়ে পড়ছে উঁচু ঢেউ।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে ঘুরতে এসেছেন। অনেকেই উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সৈকতে ভিড় করলেও নিরাপত্তার স্বার্থে সমুদ্রে নামা থেকে বিরত রাখা হচ্ছে।

সিসেইফ লাইফগার্ডের কর্মী আব্দুর শুক্কুর বলেন, ‘উত্তাল সাগরের কারণে সৈকতের তিনটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে লাল পতাকা টাঙানো হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। লাইফগার্ড সদস্যরা সার্বক্ষণিক মাইকিং করে সতর্ক করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছেন।’

সৈকতে ঘুরতে আসা এক পর্যটক মো. রাকিব হাসান বলেন, বৃষ্টি কমে যাওয়ায় পরিবার নিয়ে কক্সবাজারে এসেছি। সমুদ্রে নামতে না পারলেও উত্তাল ঢেউ আর মেঘে ঢাকা আকাশের দৃশ্য সত্যিই দারুণ লাগছে।

আরও পড়ুন:

আরেক পর্যটক সুমাইয়া আক্তার বলেন, ‘সমুদ্র আজ অনেক উত্তাল। তাই পানিতে না নেমে সৈকতে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। নিরাপত্তাই সবার আগে।’

এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সাগরে চলাচলকারী মাছ ধরার ট্রলার ও নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। তবে বঙ্গোপসাগর এখনো উত্তাল রয়েছে। তাই গভীর সাগরে চলাচলকারী মাছ ধরার ট্রলার ও নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে কক্সবাজারসহ দেশের কোনো সমুদ্রবন্দর বা উপকূলীয় এলাকার জন্য কোনো সতর্কতা সংকেত জারি নেই। তবে আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এফএস