যশোরে ৩৫০ গ্রাম স্বর্ণের বারসহ একজন আটক

জব্দকৃত মালামাল ও আসামি
এখন জনপদে
0

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি বলছে, ঢাকা থেকে স্বর্ণ নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন আটক ব্যক্তি।

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালায় যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে আটক করা হয় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওসমান গনি নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানান, ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ পুরো অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা। আটক ওসমান গনির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেআর