ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

আটক ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে
এখন জনপদে
1

পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় আজ (শুক্রবার, ২১ আগস্ট) অস্ত্র আইনে মামলা করে আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এএম