জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জামালপুর
গৃহবধূর মরদেহ
অপরাধ
এখন জনপদে
0

জামালপুরে ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি ছয় তলা ভবনের পাঁচতলার এক ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইসরাত জাহান দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের ৬ বছর বয়সী একটি ছেলে ও ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহত ইসরাত জাহানের বাড়ি জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পতি প্রায় এক মাস ধরে পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকায় বাবুল মিয়ার ছয় তলা বাসার পাঁচ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কাওসার আহমেদ শাওন শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মুদি দোকান করেন। ইসরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিলো।

গতকাল শনিবার রাতে কাওসার আহমেদ শাওন বাসায় আসার পর ইসরাত জাহানের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাওসার তার দুই সন্তানকে পাশের কক্ষে আটকে রেখে ইসরাতকে মারধর করে।

পরে আজ সকালে কাওসার তার দুই সন্তানকে আটকে রাখা কক্ষের দরজা খুলে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হওয়ায় সময় ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে কাওসার আহমেদ শাওন। পরে ওই দুই শিশু সন্তান তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্ল্যাটের পাঁচ তলার জানালা দিয়ে চিৎকার-চেঁচামেচি করে।

স্থানীয়রা চিৎকার শুনে বাড়ির মালিককে বিষয়টি জানালে তারা গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দেয়া। পরে তারা জাতীয় জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছে।

বাসায় মালিক বাবুল মিয়ার ছোট ভাই ইব্রাহিম হোসেন বলেন, তারা এক মাস হলো বাসা ভাড়া নিয়েছে। তাদের মধ্যে কলহ থাকতে পারে। কিছুদিন আগেও ইসরাত জাহান তার দুই সন্তানকে ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ করে সারাদিন বাইরে ছিলো।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারবে।

এএইচ